জুলাই জাতীয় সনদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয়জয়কার, এগিয়ে সংস্কার প্রস্তাব

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে ‘জুলাই জাতীয় সনদ’-এর ওপর গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে জনমত ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই প্রবল দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একযোগে এই ভোটগ্রহণ কার্যক্রম চলে।
রাজধানী ঢাকার বিভিন্ন সংসদীয় আসনের ১০৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা গেছে, সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৯ হাজার ৩৪৭টি। এর বিপরীতে ‘না’ ভোট পড়েছে ১৯ হাজার ৯৪৫টি।
এই গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগীয় সংস্কার এবং প্রধানমন্ত্রী পদের মেয়াদ নির্ধারণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। প্রস্তাবিত সংস্কার অনুযায়ী, নতুন সনদ কার্যকর হলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়োগ দিতে পারবেন।
এছাড়া সংসদ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান এবং ১০০ সদস্যবিশিষ্ট ‘উচ্চকক্ষ’ গঠনের প্রস্তাবনা রয়েছে।
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর বা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী ভিন্ন ব্যক্তি হতে হবে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল ও অনাস্থা প্রস্তাব ছাড়া অন্য ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









