কিশোরগঞ্জ

হোসেনপুরে জাল ভোট দেওয়ায় যুবকের ২ বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জ, ১২ ফেব্রুয়ারি – কিশোরগঞ্জের হোসেনপুরে জাল ভোট দেওয়ার অপরাধে ইমরান হোসাইন নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত ইমরান হোসাইন (২১) পিপলাকান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে। হোসেনপুর উপজেলায় নির্বাচনের দায়িত্বে থাকা যুগ্ম জেলা ও দায়রা জজ কাউছার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পছন্দের প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে গেলে কেন্দ্রের লোকজন ইমরানকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই সাজা দেওয়া হয়। আদালতের রায় ঘোষণার পর সাজা কার্যকর করতে ওই যুবককে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language