ভোট দেওয়ার পর নাহিদ ইসলাম: ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহবান (ভিডিও সংযুক্ত)

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন যে ভোটাররা উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোট কেন্দ্রে আসুন।
বৃহস্পতিবার সকালে বাড্ডার এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ আহবান জানান।
নাহিদ ইসলাম বলেন, “আমি নিরব ও সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। ভোটারদের প্রতি আমার আহবান, ভয়-ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসুন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন এবং ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দিন।” এসময় তিনি সেনাবাহিনী, প্রশাসন, অন্যান্য বাহিনী ও গণমাধ্যমের প্রতি নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবানও জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “সরকার গঠনের জন্যই আমরা জোটবদ্ধ নির্বাচনে অংশ নিয়েছি। আমরা মনে করি, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে।” অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশের মানুষ যদি নির্বাচন সুষ্ঠু বলে, নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচনের ফলাফল যাই হোক, তা মেনে নেব।”
ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন ড. এম এ কাইয়ুম এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিভিন্ন দলের আরও কয়েকজন প্রার্থী মাঠে রয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন। নির্বাচনের দিনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









