জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণের আহ্বান জাতিসংঘের

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বুধবার জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় থেকে দেওয়া এক বার্তায় এই আহ্বান জানানো হয়। সংস্থাটি উল্লেখ করেছে যে নির্বাচনে নিরাপদ ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে সব নারী ও মেয়েদের অধিকার এবং বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ও ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের অধিকার অন্তর্ভুক্ত। নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা এবং অনলাইন হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যা সম্পর্কে জাতিসংঘ সচেতন।

রাজনৈতিক নেতা, কর্মী ও নারীদের লক্ষ্য করে সাইবার বুলিং, ডিপফেক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের ঘটনা বাড়ছে বলে বার্তায় উল্লেখ করা হয়। জাতিসংঘ নির্বাচন কমিশনকে নারীদের অংশগ্রহণ বাড়াতে সহায়তা প্রদান করছে। সংস্থাটি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে যেন নির্বাচনি প্রক্রিয়ায় নারীদের প্রতি কোনো প্রকার হয়রানি বা ভীতি প্রদর্শন করা না হয়। সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে জাতিসংঘ সরকারের পাশে থেকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language