শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

শেরপুর, ১০ ফেব্রুয়ারি – শেরপুর জেলার পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা ও শ্রীবরদী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের রাঙাডুবা তিন রাস্তার মোড়ে বাস ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এই ঘটনায় ঘটনাস্থলেই এক নারী নিহত হন। নিহত ওই নারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও তিনি জামালপুর জেলার ইসলামপুর এলাকার বাসিন্দা বলে ধারণা করছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে, একই দিন সকাল ১০টার দিকে জেলার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকার মিয়া খালি মোড়ে ঢাকাগামী সিয়াম পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বাসের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা তিনজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি দুইজন জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









