ময়মনসিংহ

ময়মনসিংহে হাতকড়াসহ আসামি ছিনতাই, হামলায় আহত ৫ পুলিশ

ময়মনসিংহ, ১৪ জানুয়ারি – ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে আসামিপক্ষ। হামলার একপর্যায়ে পুলিশের হাত থেকে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা। এ ঘটনায় পাঁচজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন এবং তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেন।

এই হামলার ঘটনায় নেতৃত্বে থাকা আসামির বাবা সাগর আলীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।

পুলিশ জানায়, কয়েকদিন আগে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা স্থানীয় রাসেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে রাসেল রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়।

মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ মানুষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে এবং আরিফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।

এসআই ফরিদ আহমেদ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানান, হামলায় এক এএসআই ও তিন কনস্টেবলসহ মোট পাঁচজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব বলেন, কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুতর। এ ঘটনায় আসামির বাবাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে র‍্যাব ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলায় জড়িত ক্যাডার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language