ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ময়মনসিংহ, ১৭ জানুয়ারি – ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নতুন ভবনের ষষ্ঠ তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বিকেল ৪টা ৫০ মিনিটে সদর ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২টি এবং ত্রিশাল ফায়ার স্টেশনের আরও ২টি ইউনিট যোগ দেয়। দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের খবরে হাসপাতালজুড়ে কিছু সময়ের জন্য হুড়োহুড়ি ও আতঙ্ক সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে রোগী ও স্বজনরা স্বস্তি পান। এ সময় হাসপাতালের বাইরে উৎসুক জনতার ভিড় জমে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, নতুন ভবনের ষষ্ঠ তলার একটি স্টোররুম থেকে ধোঁয়া বের হয়ে আগুন ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে ওই তলায় থাকা রোগীদের দ্রুত মেডিসিন ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কয়েকটি ম্যাট্রেস ও বেডশিট পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি হয়নি।
এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬









