নির্বাচনে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ, ১০ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা তিন দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হবে। এরপর ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সেদিনও বন্দর বন্ধ থাকবে। সব মিলিয়ে টানা তিন দিন পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্থবির থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে পুনরায় আমদানি ও রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু হবে।
বন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে খুব একটা প্রভাব পড়বে না। তবে ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ইমিগ্রেশন সেবা পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া বাকি দিনগুলোতে যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।
এ এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









