জাতীয়

শেষ হলো নির্বাচনী প্রচার, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শুরু

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় নির্বাচনী প্রচার শেষ হয়েছে। নির্বাচনী প্রচার ২২ জানুয়ারি শুরু হয়েছিল। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার শেষ করতে হয়। সে নিয়ম অনুযায়ী এবারও প্রচার শেষ হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ আগে নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এছাড়া ভোট শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে।

ইসি গত সোমবার জানিয়ে দিয়েছে, ভোটের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় সব রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার বন্ধ হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে হবে।

সম্প্রতি জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করা হয়েছে। এজন্য ওই আসন বাদে ২৯৯টি সংসদীয় আসনে ভোট নেওয়া হবে।

গতকাল ইসি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।

বাসসের খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী।

রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীক নিয়ে তারা নির্বাচনে ২৯১ জন প্রার্থী দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে অংশ নিচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ১৯৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকে ৩২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language