ঢাকা

কেরানীগঞ্জে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যৌথবাহিনীর মোটরসাইকেল মহড়া ও নিরাপত্তা জোরদার

কেরানীগঞ্জ, ৯ ফেব্রুয়ারি – কেরানীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে যৌথবাহিনীর বিশেষ মোটরসাইকেল টহল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা সংলগ্ন আর্মি ক্যাম্প থেকে এই মহড়া শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আয়োজিত এই মহড়াটি আব্দুল্লাহপুর, রাজেন্দ্রপুর, ঝিলমিল প্রজেক্ট, কদমতলী, জনি টাওয়ার, জিনজিরা, টিনপট্টি ও বাবুবাজার ব্রিজ এলাকা ঘুরে পুনরায় কদমতলী ও ইকুরিয়া হয়ে হাসনাবাদ পর্যন্ত পরিচালিত হয়। এই বিশেষ টহল কার্যক্রমের নেতৃত্বে ছিলেন কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর শোভন এবং লেফটেন্যান্ট জুবায়ের। তাঁদের সঙ্গে ৫২ সদস্যের একটি শক্তিশালী প্যাট্রল টিম এই মহড়ায় অংশ নেয়। মহড়া চলাকালীন ক্যাম্প কমান্ডার মেজর শোভন গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন যে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি জানান ঢাকা ৩ আসনে নির্বাচনী দায়িত্ব পালনে তারা বদ্ধপরিকর এবং প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভোটের দিন সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন এবং নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে যৌথবাহিনী কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে যেসব কেন্দ্রে বা সরু রাস্তায় বড় যানবাহন প্রবেশ করতে পারে না, সেখানেও দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিশেষভাবে প্রস্তুত রয়েছেন। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা দমনে যৌথ বাহিনী দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করবে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা সাধারণ ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনবে এবং একটি নিরাপদ পরিবেশে ভোট প্রদানের সুযোগ সৃষ্টি করবে।

এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language