৪৩ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতেই থাকবে কঠোর গোয়েন্দা নজরদারি: শফিকুল আলম

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতেই কঠোর গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন যে এবারের নির্বাচনে প্রযুক্তিগত সহায়তা ও নিরাপত্তাব্যবস্থার দিক থেকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রেস সচিব জানান শুধু প্রকাশ্য নিরাপত্তাই নয় বরং প্রযুক্তিগত সব ধরনের সহায়তা সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার অধিক সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও সক্রিয়ভাবে মাঠে থাকবে যাতে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
শফিকুল আলম আরও বলেন মূল লক্ষ্য হচ্ছে খুব দ্রুত সাড়া দেওয়া এবং যেকোনো পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা ও পুনরুদ্ধার করা যাতে ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তিনি আশা প্রকাশ করে বলেন দেশের আপামর জনগণ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এত বিস্তৃত নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রস্তুতির মধ্য দিয়ে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে সরকার দৃঢ় আশাবাদী।
এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









