তরুণদের কাজ প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেওয়া: সাদিক কায়েম

সাতক্ষীরা, ৮ ফেব্রুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম মন্তব্য করেছেন যে, তরুণদের প্রধান কাজ হলো প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেওয়া। শনিবার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম অভিযোগ করেন, দিল্লির তাবেদার ও পতিত ফ্যাসিস্টরা বর্তমানে নানা ষড়যন্ত্র ও হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে মা-বোন ও মুরুব্বিদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি কেন্দ্র সুরক্ষিত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, সকল নাগরিক যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সেজন্য তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, বিপ্লবের মধ্য দিয়ে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হবেন এবং সাতক্ষীরার মাটি ও মানুষের নেতা মুহাদ্দিস রবিউল বাসারকে নির্বাচিত করে ডা. শফিকুর রহমানকে উপহার দেওয়া হবে। জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ আবু সাঈদ ও শহীদ আলী রায়হানরাই এই বিপ্লবের মূল কারিগর। গত ১৬ বছরে যারা জীবন দিয়েছেন, যাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে এবং যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই এই নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। আগামীর বাংলাদেশ হবে মানবিক ও ইনসাফের বাংলাদেশ।
জনসভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। এতে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, খুলনা-১ আসনের প্রার্থী কৃষ্ণ নন্দী, সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাবেক এমপি স. ম. সালাউদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









