জাতীয়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে অংশীদারিত্বে রূপ দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

ঢাকা, ৪ জুলাই – বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে সাধারণ বন্ধুত্ব থেকে বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমর্থনের ভিত্তিতে একটি প্রকৃত অংশীদারিত্বে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ককাস অব আমেরিকা এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

এ সময় ডা. শফিকুর রহমান কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে বিরোধী দলের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টাকে তিনি স্বাগত জানান এবং সেখানে স্থায়ী শান্তির লক্ষ্যে এই প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

ককাস অব আমেরিকাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সংসদীয় কূটনীতির মূল দায়িত্ব হলো শরণার্থী পরিবার, বন্যাদুর্গত এলাকা এবং সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় সংসদের বিরোধী দলের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন জানান ডা. শফিকুর রহমান। তিনি দুই দেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন।

ড. মো. ওসমান ফারুক এমপির সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

উল্লেখ্য, ককাস অব আমেরিকার কার্যনির্বাহী কমিটিতে জামায়াতে ইসলামীর দুজন প্রতিনিধি ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং মারদিয়া মমতাজ এমপি রয়েছেন। জামায়াতে ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে গঠনমূলক সংসদীয় কূটনীতি পরিচালনা এবং দুই দেশের সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয়।

এনএন/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language