শাহবাগে সংঘর্ষের জেরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নিরাপত্তা জোরদার

শাহবাগ, ৬ ফেব্রুয়ারি – রাজধানীর শাহবাগ ও বাংলামোটর এলাকায় ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার বিকেল সাড়ে ৪টার পর থেকে দুই সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, শাহবাগ ও বাংলামোটরের দিকে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। ওই ঘটনার রেশ বা ঝামেলা যাতে অন্যদিকে ছড়িয়ে না পড়ে, সেই আশঙ্কা থেকেই সতর্কতার অংশ হিসেবে সংবাদমাধ্যম দুটির কার্যালয়ের সামনে পুলিশি অবস্থান বা ডেপ্লয়মেন্ট বাড়ানো হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে সুনির্দিষ্ট কোনো হামলার তথ্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা জানান, নির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে আশপাশের এলাকার পরিস্থিতি বিবেচনায় আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার জেরে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় তেজগাঁও থানায় পৃথক মামলায় বহু অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয় এবং পরবর্তীতে পুলিশের অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।
এসএএস/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









