জাতিসংঘকে ওসমান হাদি হত্যার তদন্তের প্রস্তাব দেবে সরকার

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর কাছে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব এই প্রস্তাব দেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তদন্তের ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে বলেও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতারা ও নিহতের পরিবারের সদস্যরা।
এই কর্মসূচিতে অংশ নেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এবং ডাকসুর সাবেক নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তারা জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের স্পষ্ট ঘোষণা এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চালু থাকবে।
এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









