প্রশাসন জনগণের বিপক্ষে গেলে আবারও ৫ আগস্ট ফিরে আসবে

ব্রাহ্মণবাড়িয়া, ৫ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক কমিটির সদস্য হাসনাত আব্দুল্লাহ স্থানীয় প্রশাসনকে সতর্ক করে বলেছেন, আপনারা যদি বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নেন, তবে আবারও ৫ আগস্ট ফিরে আসবে। দেশ যদি ভোট চোরদের হাতে তুলে দেন, তবে তারা আপনাদের সন্তানদের গুলি করে হত্যার কথা বলবে।
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের সকল দায়বদ্ধতা সাধারণ জনগণের কাছে। আমরা কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা মাদকসম্রাটের কাছ থেকে কোনো সুবিধা নিইনি। তাই তাদের কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। কিছু করলে আমাদের জনগণের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি বিগত নির্বাচনগুলোর সমালোচনা করে বলেন, গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে এবং মৃত মানুষও ভোট দিয়েছে। এর ফলাফল ৫ আগস্ট জনগণ বুঝিয়ে দিয়েছে। এখন টাকার বিনিময়ে একদিন ভালো থাকবেন নাকি পাঁচ বছর দেশের মালিকানা নিজেদের হাতে রাখবেন, সেই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কিছু গণমাধ্যম গত ১৭ বছর ধরে একটি নির্দিষ্ট দলের বন্দনা করেছে এবং তারেক জিয়াকে ব্যর্থ হিসেবে প্রমাণের চেষ্টা চালিয়েছে। তারাই এখন আবার কৌশলে নির্দিষ্ট দলের প্রচারণা চালাচ্ছে। গণমাধ্যম যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, তবে জনগণ তাদের লাল কার্ড প্রদর্শন করবে। তিনি উপস্থিত জনতাকে আগামী ১২ তারিখের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মো. মোবারক হোসেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাতেন।
এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬









