আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – জুলাই অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ গত ১ ফেব্রুয়ারি রায়ের এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এই মামলার মোট ১৬ জন আসামির মধ্যে বর্তমানে আটজন গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার।
তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয় এবং গুলিতে একজন গুরুতর আহত হন। পরবর্তীতে মৃতদেহ ও আহত ব্যক্তিকে প্রথমে একটি ভ্যানে এবং পরে পুলিশের গাড়িতে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গত বছরের ২১ আগস্ট মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপর ১৪ সেপ্টেম্বর প্রসিকিউশন সূচনা বক্তব্য প্রদান করে এবং সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
গত ২০ জানুয়ারি প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছিলেন।
এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬









