নির্বাচনে জিতলে ফরিদপুর বিভাগ হবে: তারেক রহমান

ফরিদপুর, ৪ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ফরিদপুরকে প্রশাসনিক বিভাগে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বুধবার ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান ফরিদপুরের উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, এই অঞ্চল ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে শুষ্ক মৌসুমে পানির সমস্যার স্থায়ী সমাধান হয়। তিনি বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়, তবে জনগণের রায় পেলে বিএনপি যেকোনো বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সক্ষম হবে। আধুনিক কৃষি ও শিল্প খাতের সমন্বয়ে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আত্মসম্মানের সঙ্গে জীবনযাপনের সুযোগ তৈরির আশ্বাসও দেন তিনি।
নারীদের ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক নারী জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমরা প্রত্যেক গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে চাই। এর মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে।
এর আগে বরিশালের সমাবেশ শেষ করে দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন তিনি এবং বিকেল ৩টার দিকে জনসভাস্থলে যোগ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের এই প্রথম ফরিদপুর সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









