
ঢাকা, ৪ ফেব্রুয়ারি – প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।
ইসির জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা জারি করা হয়। ইসি জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মানি প্রদানের কথা বলে তাদের বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করে এই প্রতারণামূলক কলগুলো করা হচ্ছে।
এই বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য হলো, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে বিধি অনুযায়ী সম্মানি প্রদান করা হবে। এই প্রক্রিয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আলাদাভাবে যোগাযোগের প্রয়োজন নেই। তাই নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এসব ভুয়া ফোনকলে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কমিশন।
এস এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









