ত্রয়োদশ জাতীয় নির্বাচন: সারা দেশে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারা দেশ, ৪ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের নির্ধারিত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত বিজিবি কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
এর আগে আগামী ৭ ফেব্রুয়ারি তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে যোগদান করতে হবে এবং দায়িত্ব পালনের পূর্বে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে। মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৫ ধারা অনুযায়ী ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত তারা মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতায় থাকবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন ও এলাকা নির্ধারণ করে দেবেন। এছাড়া প্রতিদিনের অভিযানের তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









