জাতীয়

গৃহকর্মী নির্যাতনের জেরে বিমানের এমডি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব এনবিআরের

ঢাকা, ৩ ফেব্রুয়ারি – গৃহকর্মী শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথী আক্তারের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।

মঙ্গলবার এই দম্পতির ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়ে দেশের সব ব্যাংকের কাছে চিঠি পাঠানো হয়েছে। আয়কর আইন ২০২৩ এর ২০০ ধারা অনুযায়ী সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথী আক্তারের যাবতীয় হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে সাফিকুর রহমান এবং বিথী আক্তার ছাড়াও তাদের পরিবারের সদস্যদের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের যেকোনো মেয়াদি আমানত হিসাবের তথ্যও দিতে বলা হয়েছে।

ব্যাংকগুলোর কাছে পাঠানো নির্দেশনায় এফডিআর, এসটিডি, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, স্টুডেন্ট ফাইল, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, ট্রেজারি বিল ও বন্ডসহ সব ধরনের আর্থিক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। ২০১৮ সালের ১ জুলাই থেকে হালনাগাদ পর্যন্ত এসব হিসাবের বিবরণী এবং ঋণের বিপরীতে রক্ষিত জামানতের তথ্য আগামী সাত দিনের মধ্যে আয়কর গোয়েন্দা দপ্তরে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গত রোববার গভীর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। মামলায় গ্রেপ্তার অপর দুই আসামি হলেন সাফিকুর রহমানের বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা সুফিয়া বেগম।

উত্তরা পশ্চিম থানা পুলিশ গত রোববার দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে উত্তরা ৯ নম্বর সেক্টরের ওই বাসা থেকে আসামিদের গ্রেপ্তার করে। মামলার বাদী ওই নির্যাতিত গৃহকর্মীর বাবা পেশায় একজন হোটেল কর্মচারী।

এনএন/ ৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language