জাতীয়

রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম মিলবে ঢাকার ২৫ স্থানে

ঢাকা, ৩ ফেব্রুয়ারি – আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের সুবিধার্থে সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রির বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রমজানের আগের দিন থেকে শুরু করে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন এই কার্যক্রম চলমান থাকবে। সরকারের এই কর্মসূচির আওতায় প্রতিটি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি কেজি ড্রেসড ব্রয়লার মুরগি ২৪৫ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা, পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা দরে বিক্রি করা হবে। গত রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই মূল্য নির্ধারণ ও বিক্রয় কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় রমজান মাসে প্রাণিজ আমিষের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রাথমিকভাবে রাজধানী ঢাকার ২৫টি পয়েন্টে এই সুলভ মূল্যের পণ্য পাওয়া যাবে। নির্ধারিত স্থানগুলো হলো সচিবালয়ের পাশে আব্দুল গনি রোড, ফার্মগেট খামারবাড়ি, মিরপুর ৬০ ফুট রোড, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, মতিঝিলের আরামবাগ, মিরপুর কালশী, যাত্রাবাড়ীর মানিকনগর গলির মুখ, বাড্ডার শাহজাদপুর, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, খিলগাঁও রেলক্রসিংয়ের দক্ষিণ পাশ, নাখালপাড়া লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুর বাবর রোড, বসিলা, কাকরাইল, বনশ্রী, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, কল্যাণপুর, তেজগাঁও এবং বঙ্গবাজার এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে স্থানীয় উদ্যোক্তা ও অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। এছাড়া ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে স্থানীয় প্রশাসনের সহায়তায় সুলভ মূল্যে এসব পণ্য বিক্রির ব্যবস্থা নেওয়া হবে।

এস এ এস/ ৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language