ঢাকা

সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, ভিডিও ভাইরাল

ঢাকা, ২৪ জানুয়ারি – ঢাকার সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশের দাবি, ডাকাতরা চেষ্টা করলেও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরাইন–সাভার সড়কের কালিয়াকৈর এলাকায় দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

ভাইরাল হওয়া ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেটকার ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় সড়কে ফেলে রাখা গাছের কারণে গাড়িটির গতি কমে গেলে কয়েকজন ডাকাত ধারালো অস্ত্র হাতে গাড়ির গতিরোধের চেষ্টা করে। চালক গাড়ি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে দুর্বৃত্তরা গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির জানালার কাচ ভেঙে যায়।

এ বিষয়ে বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল স্বাভাবিক না থাকায় আমরা ঘটনাস্থলের দিকে এগিয়ে যাই। পুলিশ উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের ধাওয়া করা হয়।”

অন্যদিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। তবে এটি ঠিক কোন সড়কের ঘটনা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সড়কে এ ধরনের ডাকাতির চেষ্টার ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language