নয়াপল্টনের স্কুলে শিশু নির্যাতন, ব্যবস্থাপক পবিত্র কুমার গ্রেফতার (ভিডিও সংযুক্ত)

ঢাকা, ২৩ জানুয়ারি – রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমি নামে একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুরের একটি বাসা থেকে তাকে পল্টন থানা পুলিশ গ্রেফতার করে।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত রবিবার (১৮ জানুয়ারি) নয়াপল্টনের মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমি স্কুলে শিশু নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, একটি অফিস কক্ষে স্কুলের পোশাক পরা এক শিশুকে নিয়ে ঢুকেছেন একজন নারী। নারীটি প্রথমে শিশুটিকে চড় দেন। এরপর আগে থেকে অফিস কক্ষে থাকা একজন পুরুষ শিশুর ওপর চড়াও হন। তিনি শিশুর গলা ও মুখ চেপে ধরছিলেন এবং হাতে স্টেপলার ছিল। শিশুটি কখনো কাঁদছিল, কখনো অস্থির ছিল। নারীটি তাকে হাত ধরে আটকে রাখছিল। এক সময়ে শিশুটি নারীর শাড়িতে থুতু ফেলে, তখন পুরুষটি শিশুর মাথা শাড়িতে ঠেসে ধরেন এবং সেই অবস্থায় কয়েকবার শিশুর মাথায় ঝাঁকি দেন।
এই ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পল্টন মডেল থানায় মামলা করেন। মামলায় ‘শারমিন কিন্ডারগার্টেন একাডেমি’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহান এবং ব্যবস্থাপক পবিত্র কুমারকে আসামি করা হয়। তারা স্বামী-স্ত্রী।
এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬









