চট্টগ্রামের বোয়ালখালীর সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

ঢাকা, ২১ জানুয়ারি – চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহিদুল হককে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে, জুলাই অভ্যুত্থানে হামলার এজাহারভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয়।
জাহিদুলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরায়। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য।
এর আগে, ২০২৫ সালের ৪ জুলাই রাতে চট্টগ্রাম নগরের চিটাগাং ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে জাহিদুল হকের উপস্থিতি ঘিরে স্থানীয় লোকজন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনুষ্ঠানস্থল ঘেরাও করা হয়েছিল। একপর্যায় তিনি সেখান থেকে বের হয়ে পরের দিনই বিদেশে চলে যান। সম্প্রতি তিনি দেশে ফেরেন।
পুলিশ সূত্র জানায়, জাহিদুল হকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার একাধিক মামলা, ব্যাংক জালিয়াতি, রাজনৈতিক প্রভাব খাটানো এবং জমি দখলের অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, জাহিদুল হকের বিরুদ্ধে চট্টগ্রামের পশ্চিম শাকপুরা এলাকায় একটি মাদ্রাসা থেকে ১৫ কোটি টাকা আত্মসাৎ এবং বাড়ি ভাড়ার প্রায় ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন তার সৎভাই নেছারুল হক। তারা সাবেক এই জনপ্রতিনিধির হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন সময় সংবাদ সম্মেলনও করেছেন। এছাড়া, আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনের সময়ও তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠেছিল।
চট্টগ্রামের পুলিশ সূত্র জানায়, জাহিদুল হক চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও খুলশী থানায় জুলাই অভ্যুত্থানে হামলার এজাহারভুক্ত আসামি। রাজধানীর ধানমন্ডি থানায়ও তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামের আদালতে আরও মামলা চলমান আছে।
এনএন/ ২১ জানুয়ারি ২০২৬









