জাতীয়

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো যাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর ৬২ সদস্য

ঢাকা, ২০ জানুয়ারি – বাংলাদেশ বিমানবাহিনীর ৬২ সদস্য ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে যাচ্ছেন। তারা এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট বানাটু-১৪, মনুস্কো, কঙ্গো কন্টিনজেন্টের বর্তমান সদস্যদের প্রতিস্থাপন করবে।

মঙ্গলবার বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ ঢাকা সেনানিবাসে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি তাদের শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী ও দেশের সুনাম বৃদ্ধি করার আহ্বান জানান।

বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০বি বিমান এবং বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট মনুস্কো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছে। নতুন কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ।

আগামী ২৫ জানুয়ারি ৩৫ জন সদস্য ঢাকা থেকে কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করবেন, এবং বাকি ২৭ জন সদস্য ২ ফেব্রুয়ারি কঙ্গো যাচ্ছেন।

এনএন/ ২০ জানুয়ারি ২০২৫


Back to top button