শিক্ষা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ প্রকাশের সম্ভাবনা

ঢাকা, ১৮ জানুয়ারি – সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রবিবার (১৮ জানুয়ারি) প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ বিকেল কিংবা সন্ধ্যার মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এই কাজটি বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম সম্পন্ন করেছে। পাশাপাশি ফল প্রস্তুতের কাজেও বেশ অগ্রগতি হয়েছে।

তিনি জানান, সব প্রক্রিয়া শেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে রবিবারই ফল প্রকাশ করা সম্ভব হতে পারে। কোনো কারণে আজ ফল প্রকাশ করা না গেলে আগামী ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে।

এ ছাড়া প্রতি শূন্যপদের বিপরীতে কতজন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, সে বিষয়েও আলোচনা চলছে বলে তিনি জানান। এর আগে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে তিনজন প্রার্থীকে ভাইভায় ডাকার সিদ্ধান্ত ছিল।

তবে সাম্প্রতিক সময়ে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ওঠায় সেই সংখ্যা বাড়িয়ে পাঁচজন করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়া গেলে নতুন সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language