দক্ষিণ এশিয়া

জেন-জি প্রজন্ম বিজেপির উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি – ভারতের জেন–জি (জেনারেশন জেড) প্রজন্ম দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার পশ্চিমবঙ্গের মালদায় এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

মোদি বলেন, সাম্প্রতিক মুম্বাইয়ের স্থানীয় সরকার নির্বাচনে বিজেপির ভূমিধস জয় প্রমাণ করে—জেন–জি প্রজন্ম উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে। তিনি দাবি করেন, বৃহৎ মুম্বাই পৌর করপোরেশন (বিএমসি) নির্বাচনে বিজেপি প্রথমবারের মতো রেকর্ড সাফল্য পেয়েছে।

আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে উত্তাপ বাড়ছে। এ প্রেক্ষাপটে মোদি আশা প্রকাশ করেন, পশ্চিমবঙ্গের ভোটাররাও এবার বিজেপিকেই বেছে নেবেন।

তৃণমূল কংগ্রেস সরকারকে কঠোর ভাষায় সমালোচনা করে মোদি বলেন, রাজ্যে একটি ‘নিষ্ঠুর ও নির্দয়’ সরকার চলছে, যারা জনগণের অর্থ লুট করছে এবং কেন্দ্রীয় সহায়তা মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। তার ভাষায়, “এই সরকার পালানো দরকার।”

তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এ ছাড়া প্রতিবেশী দেশ থেকে আসা নির্যাতিত মতুয়া সম্প্রদায়সহ অন্যান্য শরণার্থীদের উদ্দেশে মোদি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) তাদের সুরক্ষা নিশ্চিত করবে।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language