জাতীয়

নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবার আহ্বান রিজওয়ানা হাসানের

ঢাকা, ১৫ জানুয়ারি – তথ্য ও সম্প্রচার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে এবং সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে অন্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিয়োজিত করতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাক্তন শিক্ষার্থী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে রিজওয়ানা হাসান বলেন, তিনি আজ প্রধান অতিথি হিসেবে নয়, বরং ভিকারুননিসা নুন স্কুল পরিবারের একজন সদস্য হিসেবে এখানে উপস্থিত হতে পেরে গর্বিত ও সম্মানিত বোধ করছেন। তিনি বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান অসংখ্য যোগ্য ও স্বনামধন্য মানুষ গড়ে তুলেছে। যারা নিষ্ঠা ও শ্রম দিয়ে মানুষ গড়ার কাজ করেছেন, সেই শিক্ষকদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।

পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, কেন আমরা প্লাস্টিকের বোতল ছেড়ে কাচের জগ ও গ্লাসে ফিরছি—এটি একটি মূল্যবোধের প্রশ্ন। তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেন, পরিবারে প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে চটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে। তিনি সতর্ক করে বলেন, বর্তমানে প্লাস্টিক মানুষের রক্তে, ফুসফুসে এমনকি মায়ের দুধেও পাওয়া যাচ্ছে, যার জন্য মানুষের অসচেতনতা দায়ী।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, রাজনীতি সচেতন হতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত জীবনের সাফল্য ব্যক্তি ও পরিবার উদযাপন করে, কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সাফল্য উদযাপন করে পুরো সমাজ ও রাষ্ট্র। দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে।

অনুষ্ঠানে অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, উপদেষ্টা রিজওয়ানা হাসান তার মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে এই স্কুলের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস। তিনি উপদেষ্টাকে স্কুল পরিবারের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।

স্কুল কর্তৃপক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি মো. আজমল হক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন।

আলোচনা শেষে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপদেষ্টা শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটেন এবং স্মৃতিচারণমূলক ফটোসেশনে অংশ নেন।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language