হাদি, মুছাব্বির, সাম্য—প্রতিটি হত্যার বিচার এই মাটিতেই হতে হবে

ঢাকা, ১৪ জানুয়ারি – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি করে আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
মির্জা ফখরুল লেখেন, “আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম, সঙ্গে আমার স্ত্রী। একটি তরুণ তার স্ত্রীকে নিয়ে আমার দিকে এগিয়ে এলো। সে বলল— ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি।’”
পোস্টে তিনি আরও লেখেন, “একটি ছেলে—একদম তরুণ—যে ছিল গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে কত উচ্ছ্বাস, কত প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতেই হবে।”
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “হাদি, মুছাব্বির, সাম্য—প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে। ইনশাআল্লাহ।”
এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬









