জাতীয়

নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় আরেকবার চেষ্টার আহ্বান মাহফুজ আলমের

ঢাকা, ১১ জানুয়ারি – অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়ে আশাবাদী ছিলেন, তাদের মধ্যে তিনি হতাশা ও আস্থাহীনতা লক্ষ্য করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

মাহফুজ আলম লেখেন, নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে তিনি কয়েকশ’ ছাত্র ও নাগরিকের সঙ্গে কথা বলেছেন, যারা একসময় নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির বিষয়ে আশাবাদী ছিলেন। তবে প্রায় সবার মধ্যেই এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখা গেছে। তবুও আলোচনার শেষে সবাই আবারও চেষ্টা করে দেখার বিষয়ে একমত হয়েছেন বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাস করেন; দ্বিদলীয় (বর্তমানে জোটভিত্তিক) কাঠামোর বাইরে ভাবতে চান; আদর্শিকভাবে আপোসহীন এবং নীতিনির্ভর (পলিসি-বেইজড) রাজনীতি প্রত্যাশা করেন—তাদের যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও লেখেন, সংশ্লিষ্টদের ক্ষোভ, হতাশা ও অপ্রাপ্তির কথা যেমন শুনতে চান, তেমনি নিজেদের ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট এবং সীমাবদ্ধতা নিয়েও খোলামেলা আলোচনা করতে চান। গত দেড় বছরের অভিজ্ঞতা পর্যালোচনা করে কীভাবে নতুন করে শুরু করা যায়, সে সম্ভাবনা নিয়েও আলোচনা করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language