জাতীয়

বিমানের ফ্লাইটে অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

ঢাকা, ০৮ জানুয়ারি – সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লেও পাকিস্তানের আকাশসীমায় জরুরি অবতরণ না করায় পাইলটের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রায় তিন ঘণ্টা পর ঢাকায় ফিরে অবতরণের পর ওই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনাটি ঘটে গত ৩১ ডিসেম্বর। ওই দিন লন্ডনগামী বিমানের বিজি–২০১ ফ্লাইটটি সিলেট থেকে উড্ডয়নের পর পাকিস্তানের আকাশসীমায়, লাহোরের কাছাকাছি অবস্থানকালে এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিমানের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এ সময় নিকটবর্তী কোনো বিমানবন্দরে জরুরি অবতরণ না করে পাইলট ‘মেডিকেল ইমার্জেন্সি’ ঘোষণা করে ফ্লাইটটি ঢাকায় ফেরত আনেন, এতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। ঢাকায় অবতরণের পর ওই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়।

ফ্লাইটটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন আলিয়া মান্নান।

বুধবার (৭ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অসুস্থতার খবর পাওয়ার পর পাইলট মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। তবে কেন নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়নি—সে বিষয়টি তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উড্ডয়ন ও অবতরণের সময় বায়ুচাপের পরিবর্তন, কেবিন প্রেসার কমে যাওয়া, ঝাঁকুনি কিংবা মানসিক চাপ অনেক রোগীর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে বয়স্ক বা দীর্ঘদিন অসুস্থ যাত্রীরা এসব ধকল সহ্য করতে পারেন না। তাই যাত্রার আগে স্বাস্থ্যগত তথ্য গোপন না করার জন্য যাত্রীদের বারবার অনুরোধ করা হয়।

তিনি জানান, অনেক বিদেশি এয়ারলাইন্স অসুস্থ বা অতিবৃদ্ধ যাত্রীদের ক্ষেত্রে ‘ফিট টু ফ্লাই’ সনদ দাবি করে। কিন্তু নানা বাস্তবতার কারণে বিমান অনেক সময় যাত্রীকে না বলতে পারে না। ফলে কখনো কখনো যাত্রীরা অসুস্থতার বিষয় গোপন করেই দীর্ঘপাল্লার ফ্লাইটে উঠে পড়েন।

উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক অসুস্থ হয়ে মারা যান।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language