‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকা

ঢাকা, ০১ ডিসেম্বর – বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২২২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুমান সূচক থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।
আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩০ গুণ বেশি রয়েছে।
এদিন ঢাকার পাঁচ এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এগুলো হলো— মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৫১), দক্ষিণ পল্লবী (২৪৩), মাদানি সরণির বেজ এজওয়াটার (২৩১), কল্যাণপুর (২২২), গোড়ান (২১২)। আজ গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৯৭) ও পীরেরবাগ রেললাইন (১৭৫) এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দুই শহর দিল্লি (২৭০) ও কলকাতা (২২৮)। তালিকায় তৃতীয় স্থানে ঢাকা (২২২) ও চতুর্থ স্থানে রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ (২০৭)। শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ০১ ডিসেম্বর ২০২৫









