ঢাকার বাতাসের মান আজও ‘খুবই অস্বাস্থ্যকর’

ঢাকা, ২৬ নভেম্বর – বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউ) ২২৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুমান সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষ চারটি শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বরাবরের মতো আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (২৭৮)। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা (২০৭) এবং চতুর্থ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (২০২)।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৩০ গুণেরও বেশি রয়েছে।
আজ বায়ুদূষণের শীর্ষে থাকা ঢাকার ৭ এলাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এগুলো হল— মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৫৬), দক্ষিণ পল্লবী (২৫৪), মাদানি সরণির বেজ এজওয়াটার (২৩৪), কল্যাণপুর (২২৯), বেচারাম দেউড়ি (২২৬), গ্রেস ইন্টারন্যশনাল স্কুল (২১৩) এবং গোড়ান (২১১)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ২৬ নভেম্বর ২০২৫









