৩ দফা দাবিতে ভিসির বাসভবনের সামনে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা, ২৩ নভেম্বর – ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আকস্মিক ১৫ দিন বন্ধের ঘোষণার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষার্থী শনিবার (২২ নভেম্বর) রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
হঠাৎ বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, বাধ্যতামূলকভাবে হল খালি করার সিদ্ধান্ত বাতিল, নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান এবং আরও কিছু জরুরি ইস্যুসহ মোট ৩ দফা দাবি নিয়ে তারা অবস্থান করছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ডাকসু নেতারা কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি—এই সিদ্ধান্তের নেপথ্যে কোনো তৃতীয় পক্ষ সক্রিয় থাকতে পারে।
এর আগে রাজধানীতে ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিকে কেন্দ্র করে ঢাবি প্রশাসন আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। একইসঙ্গে রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হল খালি করার নির্দেশনা দেওয়া হয়।
হঠাৎ ঘোষণায় বিপাকে পড়া আবাসিক শিক্ষার্থীরা জানান, অল্প সময়ের মধ্যে হল ছাড়ার নির্দেশ বাস্তবসম্মত নয়; ফলে তারা রাতেই ভিসির বাসার সামনে জড়ো হয়ে অবস্থান শুরু করেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলোর বিষয়ে সুস্পষ্ট সমাধান না পাওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ২৩ নভেম্বর ২০২৫









