ঢাকা

উত্তরায় বেপরোয়া প্রাইভেট কারের চাপায় পথচারী নিহত, চালককে গণপিটুনি

ঢাকা, ৩১ অক্টোবর – রাজধানীর উত্তরা কামারপাড়া এলাকায় বেপরোয়া প্রাইভেট কারের চাপায় মো. মান্নান নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে এবং চালককে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শুক্রবার জুমার নামাজের পর কামারপাড়া এলাকায়েএ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামারপাড়া এলাকায় পথচারী মান্নানকে ধাক্কা দিয়ে পালিয়ে যান গাড়িচালক। এসময় তিনি আরও কয়েকজনকে আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে উত্তেজিত জনতা ধাওয়া দিয়ে গাড়িটি উত্তরা ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে আটকায় এবং ভাঙচুর করে। পরে চালক আশ্রয় নিতে একটি বাড়িতে ঢুকলে জনতা সেই বাড়িটিও ভাঙচুর করে তাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় চালককে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে।

অন্যদিকে গুরুতর আহত পথচারী মান্নানকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মান্নানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “দুর্ঘটনার পর গাড়িচালক মো. আবিরকে (১৭) আটক করা হয়েছে। ঢামেক হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যায় থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি বলেন, “চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। তার বাবা রেন্ট-এ-কারে গাড়ি চালান। দুপুরে বাবা বাসায় খেতে গেলে আবির গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। অভিজ্ঞ না হওয়ায় গাড়িটির নিয়ন্ত্রণ হারায়।”

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উল্লাহ ফয়সল বলেন, “দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়ি আটক করে ভাঙচুর করে। চালক একটি বাড়িতে ঢুকে আশ্রয় নিলে জনতা সেই বাড়িটিও ভাঙচুর করে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে তুরাগ থানায় নিয়ে যায়।”

সূত্র: ঢাকা টাইমস
এনএন/৩১অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language