জাতীয়

গাজীপুর ও কক্সবাজারে এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের নির্দেশ

ঢাকা, ২৯ অক্টোবর – গাজীপুর ও কক্সবাজারে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৪২২ বিঘা জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক জমি জব্দ চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে নিম্নলিখিত জমি জব্দের নির্দেশ দেয়া হয়। সেগুলো হলো— গাজীপুর সদরে ৮.৫৮ একর, শ্রীপুরে ৪.৮৬ একর, কক্সবাজারের পেকুয়ায় ২৭২.৬৮ একর, মহেশখালীতে ১৮০.২৮২১ একর, কক্সবাজার সদরে ২.১২০০ একর এবং চকরিয়া সদর এলাকায় ০.৯৬৭৫ একর।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং ও বেআইনি সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন।

তদন্তে দেখা গেছে, তারা বিভিন্ন ব্যাংক থেকে নামে ও বেনামে ঋণ নিয়ে তা আত্মসাত করে বিপুল সম্পদ অর্জন করেছেন। এছাড়া, এসব স্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে। এজন্য তদন্ত শেষ হওয়ার আগেই জমিগুলো জব্দ করা প্রয়োজন বলে আদালত উল্লেখ করেছেন।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ২৯ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language