যৌথ বাহিনীর চলমান অভিযানে সাত দিনে ২২৪ জন গ্রেপ্তার

ঢাকা, ০৯ অক্টোবর – আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর চলমান অভিযানে গত সাত দিনে ২২৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে বাংলাদেশে সেনাবাহিনী।
সেনাবাহিনীর পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে গত ২ থেকে ৯ অক্টোবর পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ অভিযানে চোরাকারবারি, অবৈধ অস্ত্রধারী, থানার অস্ত্র লুটকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ২২৪ জন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়।
অপরাধীদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯টি ককটেল, ১৭ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, দেশি ও বিদেশি মাদকদ্রব্য, প্রাইভেটকার, মোটরসাইকেল ও মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশব্যাপী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেছে। এ ছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৯ অক্টোবর ২০২৫









