গোপালগঞ্জে বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ ভাইয়ের

গোপালগঞ্জ, ৩০ আগস্ট – গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়ায় এলাকায় এই ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে রুহুল আমিন খান (৬৫) ও দুলাল আমিন খান (৫৭)। নিহত দুই ভাই ওষুধের ব্যবসা করেন।
ওসি মির মো. সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ জেলা শহরের নিজেদের ওষুধের দোকান থেকে ছোট ভাই দুলালকে নিয়ে বড় ভাই রুহুল আমিন মোটরসাইকেলে করে নিজ বাড়ি খাগাইল গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ছোট ভাই দুলাল আমিন ঘটনাস্থলেই মারা যান। পরে আহত অবস্থায় বড় ভাই রুহুল আমিনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩০ আগস্ট ২০২৫









