খুলনা

খুলনায় যুবদলের নেতাকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

খুলনা, ২৩ আগস্ট – খুলনার আঠারো মাইল এলাকায় মো. শামীম নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময় ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

জানা গেছে, শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শামীম দীর্ঘদিন থেকে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন।

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ জানান, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৩ আগস্ট ২০২৫


Back to top button
🌐 Read in Your Language