জাতীয়

একদিনে সর্বোচ্চ ৩৫২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

ঢাকা, ২১ জুন – গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫২ জন। চলতি বছর এখন পর্যন্ত এটিই এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৫২ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪১৩ ডেঙ্গুরোগী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাত হাজার ৪২৯ জন। তাদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।

এ ছাড়া এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছে ছয় হাজার ৫১৬ জন, মারা গেছে ৩১ জন।

২০২৩ সালে সারা দেশে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এক লাখ এক হাজার ২১৪ জন।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২১ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language