জাতীয়

রিজার্ভ চুরি মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ৮৫ বার

ঢাকা, ১৮ মে – বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবার তারিখ পিছিয়ে আগামী ২ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ রোববার (১৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান নতুন এ দিন ধার্য করেন।

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ ধার্য করা হয়। চাঞ্চল্যকর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এ নিয়ে ৮৫ বার পেছানো হলো।

আদালতের প্রসিকিউশন দপ্তরের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন দপ্তর থেকে এই তথ্য জানা গেছে।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে মামলায় অভিযোগ করা হয়।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৪ ধারায় ও দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করেন।

সূত্র: আজকের পত্রিকা
আইএ/ ১৮ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language