ক্রিকেট

চিকিৎসার পরামর্শ নিতে আজ ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

ঢাকা, ২৭ এপ্রিল – বিগত কয়েকবছর দেশের পেসারদের মধ্যে পারফরম্যান্সে সবচেয়ে ধারাবাহিক তাসকিন আহমেদ। তাকে বর্তমান সময়ে দেশের সেরা পেসার বললেও ভুল বলা হবা না। দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললেও এরপর জিম্বাবুয়ের বিপক্ষে হওয়া টেস্ট সিরিজ খেলতে পারছেন না চোটের কারণে।

মূলত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই তাসকিন অ্যাকিলিস টেনডিনোপ্যাথিতে ভুগছিলেন। এরপর খেলা চালিয়ে গেলেও স্থায়ী কোনো সমাধান আসেনি। তাই চোট থেকে সেরে উঠতে আজ রাতেই উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন এই পেসার।

আগামী ২৯ এপ্রিল ইংল্যান্ডে ডা. জেমস কালডারের সঙ্গে দেখা করার সময় নির্ধারিত রয়েছে তাসকিনের। তবে তাসকিন একা নন। তার সঙ্গ দেবেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও। যদিও আজ নয়, তিনি ইংল্যান্ড যাবেন আগামীকাল।

দেশের একটি ইংরেজি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবাশীষ বলেন, ‘তাসকিন আজ ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং পরশুদিন তার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ওই চিকিৎসক একজন বিশেষজ্ঞ গোড়ালির সার্জন। আমরা নিজেরাও যথেষ্ট খোঁজখবর নিয়েছি এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গেও যোগাযোগ করেছি। সব দিক বিবেচনায় আমরা সেরা বিকল্পটাই বেছে নিয়েছি।’

যদিও বেশ কয়েক সপ্তাহ পুরো বিশ্রাম শেষ হওয়ার পর তাসকিন চোট পুনর্বাসনের প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর চলমান ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের জার্সিতে তিনটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই তারকা পেসার। রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তিনটি করে উইকেট নিয়েছিলেন এই পেসার। আর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে নিয়েছিলেন দুটি উইকেট।

সূত্র: বার্তা ২৪.কম
আইএ/ ২৭ এপ্রিল ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language