মধ্যপ্রাচ্য

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত

সানা, ২০ মার্চ – যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। হামলায় ১৬ হুথি সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) গভীর রাতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুথি। বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, বুধবার রাতে ইয়েমেনের হুথি গোষ্ঠী ঘোষণা করেছে- মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। হুথি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা অবশ্য হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি।

এর আগে, রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাতজন নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল। হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়।

এরও আগে, গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হুথিদের বিরুদ্ধে ‘বড় আক্রমণ’ চালানোর নির্দেশ দিয়েছেন।

হুথিদের প্রতিবেদন অনুসারে, সেই সময় থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত- ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলা হয়েছে। এতে ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল ইয়েমেনে প্রথম বিমান হামলা।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২০ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language