সাতক্ষীরা

সাতক্ষীরায় রমজান মাসে ১০০ টাকায় মিলবে গরুর মাংস

সাতক্ষীরা, ০১ মার্চ – পবিত্র রমজান মাসে সাতক্ষীরা জেলা সদরে ১০০ টাকায় পাওয়া যাবে গরুর মাংস। রমজানের পবিত্রতা রক্ষা ও সবার ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় এমন উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

শনিবার (১ মার্চ) সাতক্ষীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শহরের সংগীতা মোড়ে এই বিশেষ বাজার কার্যক্রমের উদ্বোধন করা হয়। এখানে সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রির পাশাপাশি পাওয়া যাবে দুধ ও ডিম।

এই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এ সময় উপস্থিত ছিলেন জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (অ.দা.) বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস বলেন, রমজান মাসে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে মানুষ স্বল্প খরচে গরুর মাংস, দুধ ও ডিম ক্রয় করতে পারবে।

মাসব্যাপী এই বাজারে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, দুধ ৭০ টাকা প্রতি লিটার এবং ডিম প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে। সময়ের সঙ্গে এসব পণ্যের দাম কিছুটা ওঠানামা করতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ সুবিধা হিসেবে ক্রেতারা মাত্র ১০০ টাকায়ও গরুর মাংস কিনতে পারবেন। সাতক্ষীরার সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারা মনে করছেন, এই বিশেষ বাজার রমজান মাসে অনেকের জন্য বড় সহায়ক হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ মার্চ ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language