জাতীয়

ফিডার থেকে বিদ্যুতের চাহিদা ও সরবরাহ নজরদারি করা হবে

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – ঘরে ঘরে গিয়ে বিদ্যুতের ব্যবহার তদারকি করা হবে না, তবে ফিডার (একটি নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহের কেন্দ্রস্থল) থেকে বিদ্যুতের চাহিদা ও সরবরাহ নজরদারি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে এ কথা জানান তিনি।

‘রিকমেন্ডেশনস বাই দ্য টাস্কফোর্স অন রিস্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি’ শীর্ষক দুই দিনের এ সম্মেলনের আয়োজন করেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রথম দিনে ‘রিবিল্ডিং সাসটেইনেবল ফিউচারস: কানেকটিভিটি অ্যান্ড এনার্জি’ শীর্ষক তৃতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ উপদেষ্টা।

দেশে প্রাথমিক জ্বালানির সরবরাহ–সংকট আছে উল্লেখ করে ফাওজুল কবির খান বলেন, জ্বালানি কেনার খরচ অনেক বেশি। বিদ্যুৎ উৎপাদনে বছরে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। ভর্তুকি কমানোর উপায় হলো বিদ্যুতের দাম বাড়ানো বা ব্যবহার কমানো। বিদ্যুতের দাম না বাড়িয়ে ব্যবহার কমানোয় জোর দেওয়া হয়েছে।

তিনি বলেন, শীতের সময় বিদ্যুতের চাহিদা থাকে ৯ থেকে ১০ হাজার মেগাওয়াট। গরমের সময় এটি ১৭ থেকে ১৮ হাজার মেগাওয়াট হতে পারে। শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ২৫ ডিগ্রির ওপরে রাখলে দুই হাজার মেগাওয়াট চাহিদা কমতে পারে। ইতোমধ্যে সবাইকে এটি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, কারও ঘরে গিয়ে এটি তদারকি করা হবে না। ফিডার (একটি নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহের কেন্দ্রস্থল) থেকে চাহিদা ও সরবরাহ নজরদারি করা হবে।

দেশের কয়লা উত্তোলন নিয়ে এক প্রশ্নের জবাবে এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, সরকার ইতোমধ্যে ১৭০টির বেশি আন্দোলন মোকাবিলা করেছে। কয়লা তোলার সিদ্ধান্ত নিয়ে নতুন আন্দোলনের সূত্রপাত করতে চাই না। এটি রাজনৈতিক সরকারের জন্য রেখে দেওয়া হচ্ছে।

সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, বিদ্যুৎ–সক্ষমতা অনেক, অথচ জ্বালানির অভাবে চাহিদামতো উৎপাদন করা যাচ্ছে না। মহাপরিকল্পনা করেই এসব করা হয়েছে। এতে জ্বালানি গুরুত্ব পায়নি। টাস্কফোর্সের সুপারিশেও জ্বালানি নিয়ে গুরুত্ব দেওয়া হয়নি, এটা বিপজ্জনক।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী তামিমের সভাপতিত্বে ও সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি অপারেশনস হেড না উন কিম, জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশ দপ্তরের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুন নাহার চৌধুরী প্রমুখ।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language