এশিয়া

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৬২

সিউল, ২৯ ডিসেম্বর – দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে এখন পর্যন্ত ৬২ জনে দাঁড়িয়েছে। পূর্ব এশিয়ার এই দেশটির মুয়ান শহরের একটি বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনাকবলিত বিমানটিতে মোট ১৮১ জন আরোহী ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরা, রয়টার্স ও সিএনএন সূত্রে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, জেজু এয়ারলাইন্সের ওই বিমানটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রয়টার্সকে এক কর্মকর্তা জানিয়েছেন, দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলছে। বিমানের পেছনের অংশে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের দাবি, হয়তো পাখির কারণে বিমানটির যন্ত্রে সমস্যা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি রানওয়ে থেকে ছিটকে দেয়ালে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। এখন পর্যন্ত একজন কেবিন ক্রু এবং একজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ৩২টি ফায়ার ট্রাক পাঠানো হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ফায়ার এজেন্সি।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক মুয়ান বিমানবন্দরে উদ্ধার কার্যক্রমে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৯ ডিসেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language