চাপাইনবাবগঞ্জ

সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ, ১৩ আগস্ট – চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবদুল্লাহ (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

তিনি নারায়ণপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সোমবার রাত ১১টা পর্যন্ত তথ্য নিশ্চিত করেননি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, নিহতের স্বজন ও বিজিবি সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ভারতের মালদা জেলার চাঁদনিচক সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আব্দুল্লাহসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।

এদিকে, সোমবার রাত ১১টা পর্যন্ত নিহতের মরদেহ হস্তান্তর করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে নিহতের সত্যতা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান ৫৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ আগস্ট ২০২৪


Back to top button
🌐 Read in Your Language