মধ্যপ্রাচ্য

ইসরায়েলে বৃষ্টির মতো ২০০ রকেট ছুড়েছে হিজবুল্লাহ

জেরুজালেম, ০৪ জুলাই – ইসরায়েলে বৃষ্টির মতো দুই শতাধিক রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। নিজেদের এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার জবাবে এ হামলা চালিয়েছে গোষ্ঠীটি। বৃহস্পতিবার (০৪ জুলাই) ইসরায়েলের সামরিক বাহিনীকে নিশানা করে এ হামলা চালানো হয়।

জানা গেছে, বুধবার লেবাননের টাইরে শহরে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নাসের নিহত হন। এর আগে গত জুনে ইসরায়েলি হামলায় আরেক সিনিয়র কমান্ডার নিহত হন। এ ঘটনার পর ওই সময়ে গত ৯ মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালায় হিজবুল্লাহর যোদ্ধারা।

হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার দক্ষিণ লেবাননের টাইরে এলাকায় শত্রু পক্ষের চালানো হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েল-অধিকৃত সীমান্তের ওপারে গোলান মালভূমিতে পাঁচটি ইসরায়েলি ঘাঁটিতে ‌‌‘বিভিন্ন ধরনের ২০০টিরও বেশি রকেট’ নিক্ষেপ করেছে।

গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির এ হামলায় ফিলিস্তিনকে সমর্থন দিয়ে দিনের পর দিন ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। বর্তমানে দুই দেশের মধ্যকার পরিস্থিতি ২০০৬ সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এমনকি বিভিন্ন দেশ পরিস্থিতি অবনতির আশঙ্কায় নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০৪ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language