শরীয়তপুর

শরীয়তপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুজনের মৃত্যু

শরীয়তপুর, ১৪ জুন – শরীয়তপুরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের ডামুড্যার দারুল আমান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর ডামুড্যা এলাকার কবির সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার সোনাতলা থানার পশ্চিম টেকানী এলাকার দুলু শেখের ছেলে মালেক শেখ (৪৫) ও পূর্ব টেকানী এলাকার আফসার বেপারীর ছেলে লিটন বেপারী (৩৫)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কবির সরদারের বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কারের জন্য মালেক ও লিটন নামের দুই পরিচ্ছন্নতাকর্মীকে (সুইপার) ১০ হাজার টাকা চুক্তিতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তারা ট্যাংকের ভেতরে পাইপ বসিয়ে ময়লা অপসারণ করছিলেন। এসময় লিটন ট্যাংকের ভেতরে নামলে হঠাৎ করেই নিচে লুটিয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধারে অপর শ্রমিক মালেক শেখ নামলে তিনিও আর উপরে উঠে আসেননি। তাদের সাড়া না পেলে ফায়ার সার্ভিসে খবর দেন বাড়ির লোকজন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ডামুড্যা ফায়ার সার্ভিসের টিম লিডার প্রদীপ কীর্তনীয়া বলেন, সেপটিক ট্যাংকের ভেতর প্রচুর বিষাক্ত গ্যাস ছিল। আমরা গ্যাস অপসারণ করে ভিকটিম দুজনকে উদ্ধার করি।

বিষয়টি নিশ্চিত করে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য দুই মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language